ডেস্ক রিপোর্টাঃ জমি-জমা নিয়ে সৃষ্ট কলহ-বিবাদের জের ধরে বগুড়া সোনাতলার সোনাকানিয়া গ্রামে শহিদুল ইসলাম গং কর্তৃক আব্দুল হালিম মাস্টারগণের লাগানো পেঁপের ক্ষেত কেটে ফেলা হয়েছে। গতকাল রবিবার সকাল অনুমান ১১টায় প্রকাশ্য জনসমুখে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, হালিম মাস্টারের পূর্ব পুরুষ থেকে ভোগ দখলে থাকা নালিসি জমিগুলো ওই গ্রামের শহিদুল ইসলাম গং মালিক দাবী করে আসছিল। বিষয়টি নিয়ে পক্ষদ্বয়ের মধ্যে মারপিটসহ নানা ঘটনায় সালিশি বৈঠক অতঃপর থানা ও আদালতে একাধিক মামলা-মোকর্দমার সৃষ্টি হয়। সোনাকানিয়া বাজারে দেওয়া শহিদুল ইসলামের একটি শুভেচ্ছা বিলবোর্ড কে বা কাহারা ছিঁড়ে ফেলে। এ ঘটনাকে কেন্দ্র করে ইতোপূর্বে উভয়পক্ষের মধ্যে মারপিট ও হালিম মাস্টারের জমির উপর থাকা সেলেনের দুটি দোকান ও ঘর ভাংচুর করে প্রতিপক্ষরা। বিষয়টি নিয়ে পক্ষদ্বয় মামলা-মোকর্দমায় আবারও জড়িয়ে পড়ে। হালিম মাস্টার বাদী হয়ে সোনাতলা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে শহিদুল ইসলামের ভাই জাহিদুলসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন প্রেরণ করতে সোনাতলা থানা অফিসার ইনচার্জকে নির্দেশ দেয়। অপর দিকে জাহিদুল ইসলামের ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে আব্দুল হালিম মাষ্টারের বিরুদ্ধে সোনাতলা থানায় মামলা দায়ের করে। শহিদুলের দায়ের করা মামলায় গ্রেফতার আতংকে হালিম মাস্টার গ্রামছাড়া হয়। এই সুযোগে শহিদুলগণ রবিবার সকাল অনুমান ১১টায় জমি দখলের চেষ্টায় দলবদ্ধ হয়ে ওই আব্দুল হালিমের অনুমান ৩’শ টি ফলন্ত পেঁপে, শসা, মিস্টি কুমড়ার গাছ কেটে ফেলে। ওই সময় বাঁধা-নিষেধ করতে গিয়ে হালিম মাস্টারের লোকজন আহত হয়। পক্ষদ্বয়ের মধ্যে উত্তেজনা বিরাজ করে। সংবাদ পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে যায় এবং দিন ব্যাপী পুলিশি নজরদারিতে রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

আপনার মতামত কমেন্টস করুন