ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে মাদক ছাড়েনি জেল ফেরত জনি। নেশাগ্রস্থ ছেলেকে স্বাভাবিক জীবনে ফিরে আনতে বাবা-মা আদরের সন্তানকে জেলে পাঠান। কিন্তু জেল খেটে বের হয়ে যেই লাউ সেই কদু। দু’দিনের মাথায় ফিরে গেছেন পূর্বের জীবনে।
ঠাকুরগাঁও পৌরশহরের কালিবাড়ি মহল্লায় এ ধরনের ঘটনা ঘটে। জনি (২৮) কালিবাড়ি মহল্লার ক্লাবপাড়ার আব্দুল জব্বারের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনিকে মাদক সেবন ও পিতা-মাতাকে মারধরের অপরাধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জেল হাজতে পাঠানো হয়। সম্প্রতি ওই যুবক জেল থেকে বেরিয়ে টাকা চুরি করে পূনরায় মাদক সেবন করে এবং বাবা-মাকে মারধর করে। অসহায় বাবা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তিনি ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকাসক্ত যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এনজিও কর্মী মৌসুমী রহমান জানান, ভ্রাম্যমাণ আদালতে জেল দেয়াটা সমাধান নয়। এ ব্যাপারে ব্যাপক কাউন্সিলিংয়ের প্রয়োজন। ঠাকুরগাঁওয়ে মাদকাসক্ত যুবকদের স্বাভাবিক পথে ফিরে আনতে সরকারি বে-সরকারি ভাবে কোন ব্যবস্থা নেই।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন বলেন, মাদক সেবন ও পিতা-মাতাকে মারধরের অপরাধে তাকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আপনার মতামত কমেন্টস করুন