জৈন্তাপুর(সিলেট) সংবাদদাতা:
জৈন্তাপুরে যৌথ বাহিনীর অভিযানে ৯শ’ ৫০ বস্তা মটরডাল আটকের পর ১০ লক্ষ টাকায় নিলামে বিক্রয় করা হয়। শনিবার (৬ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলা প্রশাসন, মডেল থানা পুলিশ ও এনএসআই’র যৌথ টিম উপজেলার লামাপাড়া এলাকা থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে মজুদকৃত মটর ডালের গুদামে অভিযান পরিচালনা করে৷ এসময় প্রায় ৯৫০ বস্তা মটর ডাল জব্দ করে যৌথ বাহিনীর সদস্যরা৷ জব্দকৃত মটর ডাল নিলামের মাধ্যমে ১০ লক্ষ টাকায় বিক্রয় করা হয়৷ এছাড়া কৃত্রিম বাজার সংকট তৈরী করে পাচারের লক্ষে মজুদ করার দায়ে ঘটনায় জড়িত একজনকে কৃষি বিপনন আইন ২০১৮ এর ১৯ ধারায় অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লক্ষ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
যৌথ বাহিনীর অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ফারুক হোসাইন, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মহসিন আলী, অফিসার ওসি (তদন্ত) ওমর ফারুক এবং এনএসআই সহকারী পরিচালক ইমরান হাসান৷
এদিকে যৌথ বাহিনীর অভিযানকে স্বাগত জানায় সচেতন মহল ৷এশার আযান এবং রাত্র ১২টায় উপজেলার বিভিন্ন সীমান্ত পথ দিয়ে ভারত থেকে বাংলাদেশে ভারতীয় গরু মহিষ সহ ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মাদক সামগ্রী, কসমেটিকস্ সামগ্রী, হরলিক্স, বিভিন্ন ব্রান্ডের সিগারেট বাংলাদেশে প্রবেশ করছে ৷ তারা আরও বলেন জৈন্তাপুর উপজেলার সীমান্তগুলোর অন্যতম চোরাচালান রুট হিসাবে রয়েছে ১২৮৬ হতে ১২৯৪ এবং ১৩০০ হতে ১০০৭ আন্তর্জাতিক পিলার এলাকার রোডগুলো৷ এসব এলাকা দিয়ে বাংলাদেশ হতে ভারতে পাচার হচ্ছে মটর শুটি, মটরডাল, সুপারী বিপরীতে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করছে গরু মহিষ, মদ মাদক সামগ্রী, বিভিন্ন ব্রান্ডের সিগারেট ও কসমেটিকস্ সামগ্রী।
এবিষয়ে জানতে চাইলে অভিযানের নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট বলেন, চোরাচালান প্রতিরোধে প্রশাসনের এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে। অন্যান্য বিষয় গুলোও আইনের আওতায় আনা হবে। এছাড়া সচেতন মহলকে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান তিনি।
আপনার মতামত কমেন্টস করুন