গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম প্রথম রোজা থেকে শুরু করা হলেও সরকারের এই মহতি কার্যক্রমের সুবিধা থেকে বঞ্চিত গোবিন্দগঞ্জ এলাকাবাসী। গোবিন্দগঞ্জ উপজেলায় ১২জন ডিলার থাকলেও মাত্র ২জন ডিলার সপ্তাহে মাত্র ২দিন পণ্য বিক্রি করেছেন। অপর ১০জন ডিলারের কেউই রমজানের ১১দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত টিসিবি’র পণ্য বিক্রি শুরু করেনি। ফলে স্বল্পদামে পণ্য কিনতে না পাড়ায় হতাশ ও ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ মানুষ।
জানা যায়, প্রতিবছর রোজায় নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে খোলাবাজারে পণ্য বিক্রির কার্যক্রম চালু করে সরকারি সংস্থা টিসিবি (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ)। এই পন্য বিক্রিতে গোবিন্দগঞ্জে ১২জন ডিলার থাকলেও এখনো চালু হয়নি টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম। ফলে সাধারণ মানুষ সরকারের এই উদ্যোগের সুফল থেকে বঞ্চিত হচ্ছে।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলায় টিসিবির পণ্য বিক্রির জন্য ১২জন ডিলার রয়েছেন। তারা হলেন- মেসার্স তানজিম তাসনিম, মেসার্স আমিনুল মোমিন, মেসার্স এন আর টেডার্স, মেসার্স জে কে স্টোরস, মেসার্স আব্দুল বারী, মেসার্স শরিফুল ইসলাম রাজু, মেসার্স বিধান চন্দ্র সাহা, মেসার্স কৃষ্ণ কমল সাহা, মেসার্স মৌলি স্টোরস, মেসার্স টিপু ট্রেডার্স, মেসার্স নিয়াজ এন্ড লিংকন ট্রেডার্স ও মেসার্স আনান ট্রেডার্স।
টিসিবি পণ্য না তোলার ব্যাপারে কয়েকজন ডিলারের সাথে যোগাযোগ করা হলে তাদের অনেকেই জানান, লাইসেন্সের মেয়াদ নেই, আবার অনেকে নিরাপত্তাহীনতার কারণে টিসিবির মাল বিক্রিতে আগ্রহী নন।
গোবিন্দগঞ্জ শহরের বাজারে পণ্য ক্রয় করতে আসা সোলায়মান নামে একজন ক্রেতা বলেন, সরকারি সংস্থা টিসিবি কম দামে পণ্য বিক্রি করলেও আমরা গোবিন্দগঞ্জবাসী তা কিনতে পারছি না। ডিলাররা কেনো এখনো এই কার্যক্রম চালাতে ব্যর্থ হচ্ছেন তা খতিয়ে দেখা উচিত, প্রয়োজনে তাদের ডিলারশিপ বাতিল করে সঠিক শর্তে নতুন ডিলার নিয়োগ দেওয়া উচিত। আমরা দ্রুত এই সেবা চালুর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন বলেন, ইতোমধ্যে কয়েকজন ডিলার মালামাল উত্তোলন করেছেন এবং দুই একদিনে মধ্যেই তারা বিক্রি শুরু করবেন। তবে মাল বিক্রির সময় প্রচন্ড ভীড় ও সামাজিক দূরত্ব বজায় না থাকার কারণে সমস্যা হয়। তাই কয়েকজন ডিলারকে একসাথে মাল বিক্রি করতে বলেছি যাতে প্রচন্ড ভীড় না হয়।
আপনার মতামত কমেন্টস করুন