কক্সবাজার প্রতিনিধি: বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রতিষেধক আবিস্কার না হওয়া পর্যন্ত সামাজিক দুরত্বই হচ্ছে করোনা প্রতিরোধের অন্যতম উপায়। ফলে সরকার লকডাউনের আওতায় এনেছে পুরো দেশ। তার ধারাবাহিকতায় ঈদগাঁও বাজারও লকডাউন করা হয়েছে। কিন্তু সম্প্রতি ঈদগাঁও বিদ্যুৎ অফিস ও ইসলামী ব্যাংক শাখার কর্মকান্ড প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। সামাজিক দুরত্বের তোয়াক্কা না করে শত শত মানুষকে গা ঘেঁষে দাঁড় করিয়ে বিল আদায় ও টাকা উত্তোলনের দৃশ্য মানুষের মাঝে নতুন আতঙ্ক সৃষ্টি হয়েছে।

কক্সবাজারের ৭ উপজেলায় ৯১ জন করোনা রোগী শনাক্ত হলেও ঈদগাঁওয়ে এখনো কোনো করোনা রোগী পাওয়া যায়নি। অনেকের প্রশ্ন হচ্ছে, করোনা ছড়িয়ে দেওয়ার জন্যেই সরকারি বিধিনিষেধ অমান্য করে এ দু’ প্রতিষ্ঠান ঈদগাঁওয়ে গণজমায়েত করছে? তাদের শক্তি কি সরকারের চেয়ে বেশী? নাকি তাদের ক্ষেত্রে করোনা ছড়ায় না? এসব প্রশ্নে মানুষের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরকারি বিধিনিষেধ অমান্য করে গণজমায়েত করা এ দু’ প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নিকট অনুরোধ জানিয়েছেন সচেতন মহল।
আপনার মতামত কমেন্টস করুন