যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের রামপুর ও বাগঁআচড়া ইউনিয়নের জামতলা রোডে বিদ্যমান ইটভাটা ও সরু রাস্তায় গণ উপদ্রব সৃষ্টিকারী দ্রুতগামী ট্রাকের ওপর মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লক্ষ ৮৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) বিকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী।
এসময় টাটা ব্রিকসের মালিক মিজানুর রহমানকে ৫০ হাজার, একে ব্রিকসের মালিক আকবার সরদারকে ২০ হাজার টাকা, বিশ্বাস ব্রিকসের মালিক তহিদুল ইসলামকে ৫০ হাজার টাকা, রিফা ব্রিকসের মালিক আব্দুল জব্বারকে ৬০ হাজার টাকা, ট্রাক চালক শাহিনকে ৫ শত টাকা, ট্রাক চালক রাজুকে ২ হাজার টাকা, ট্রাক চালক শাহাজানকে ১ হাজার, ট্রাক চালক বাবুকে ৫ শত টাকাসহ সর্বমোট ১ লক্ষ ৮৪ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। সেই সাথে সকল ইটভাটাগুলোকে আগামী ০১ মাসের মধ্যে লাইসেন্স করে নেওয়ার নির্দেশন প্রদান করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী জানান, শার্শা উপজেলা থেকে জামতলা বাজার পর্যন্ত চলমান রাস্তাটি উপর দিয়ে বিভিন্ন ভাটার ইট ও বালি বহনকারী গাড়িগুলো বেপরোয়া ভাবে চলাচলের ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে। অভিযান কালে ইটভাটা ও ট্রাকচালকদেরকে বৈধ কাগজপত্র দেখাতে বললে, তারা দেখাতে ব্যর্থ হয়। এ কারণে তাদের জরিমানা প্রদান করা হয়। এছাড়া দণ্ডবিধি ১৮৬০ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ অনুযায়ী সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
আপনার মতামত কমেন্টস করুন