ঘটনাটি ঘটেছে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী গ্রামে গতকাল রাতে। ঘটনার বিবরণে প্রকাশ, পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা যুব উন্নয়ন অফিসার শিউলী রাণী বেপারী ওই গ্রামে নতুনবাড়ি নামে পরিচিত তাঁর বাড়িতে গতকাল রাতে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যায়নরত একমাত্র পুত্র সৃজন হালদার রিভুর মানত উপলক্ষে সাড়ম্বরে শ্রী শ্রী কার্তিক পূজোর আয়োজন করেন। তিন শতাধিক নিমন্ত্রিত অতিথির প্রসাদ আপ্যায়নের মধ্য দিয়েই শত:স্ফূর্তভাবে চলছিল পূজোর অনুষ্ঠানটি। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিউলী রাণীর বেপারীর বড় ভাই অবসরপ্রাপ্ত যুব উন্নয়ন অফিসার বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি কেন্দ্রীয় কমিটির প্রথম সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার বেপারী। কিন্তু রাত সাড়ে ৮ টার দিকে আকষ্মিকভাবে ভান্ডারিয়া থানা পুলিশের একটি টিম সাদা পোষাকে ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে ঝটিকা অভিযান চালিয়ে স্বপন কুমার বেপারীকে বিনা ওয়ারেন্টই ধরে নিয়ে যান। মূহুর্তের মধ্যেই আনন্দের পূজো বিষাদের কালো ছায়ায় আচ্ছন্ন হয়ে যায়। পন্ড হয়ে যায় পুরো অনুষ্ঠানটি।
আজ ১৮ নভেম্বর ভান্ডারিয়া থানার ২০২৫ সালের ১১ এপ্রিল দায়েরকৃত এফআইআর নং-৮ এবং জিআর নং-৫৩ এর একটি পেন্ডিং বিস্ফোরক মামলায় স্বপন কুমার বেপারীকে পিরোজপুর জেলা আওয়ামীলীগের একটি অস্পষ্ট স্তরের কমিটিতে কোষাধ্যক্ষ পদে বিপরীতে অজ্ঞাতনামা আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে ভান্ডারিয়া থানার ওসি পিরোজপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে চালান দেন। আশ্চর্যের বিষয় হচ্ছে, পিরোজপুর জেলা আওয়ামীলীগের অস্পষ্ট স্তরের যে কমিটিতে তাঁকে কোষাধ্যক্ষ হিসেব উল্লেখ করে থানা কর্তৃপক্ষ কোর্টে চালান দিয়েছেন সেই কমিটি ২০২০ সালের ২৮ নভেম্বর তারিখে জেলার সাধারন সম্পাদক কর্তৃক স্বাক্ষরিত। কিন্তু ওই তারিখে স্বপন কুমার বেপারী যুব উন্নয়ন অধিদপ্তরে কর্মরত ছিলেন। এখন ধোয়াশার সৃষ্টি হচ্ছে, আলোচিত কমিটির স্তর এবং অনুমোদনকারী কর্তৃপক্ষের এখতিয়ার ও স্বচ্ছতা নিয়েও। আদৌ কি ওটি বৈধ কোনো কমিটি নাকি কোনো মহলের পূর্ব শত্রতা উদ্ধারের কারসাজি?
এলাকায় ব্যাপক জনশ্রুতি রয়েছে যে, স্বপন কুমার বেপারী ও তাঁর ভাইদের সাথে তাঁদের জ্যেঠাতো বোনের ছেলে কিশোর বেপারীর দীর্ঘদিন ধরে জমাজমি নিয়ে পারিবারিক দ্বন্দ বিরাজমান এবং কিশোর স্থানীয় যুবদলের নেতৃস্থানে থাকায় ক্ষমতার অপব্যবহার করে প্রশাসনকে ব্যবহারের মাধ্যমে এমন ঘটনা ঘটিয়েছেন। এ বিষয়ে কিশোর বেপারীর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার মুঠোফোনের কল রিসিভ করেননি।
আপনার মতামত কমেন্টস করুন