কুমিল্লা থেকে সংবাদদাতা ::
কুমিল্লার চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের বরকইট দক্ষিণপাড়া শীলবাড়িতে বীনা রানী রায়(৫৮) এক গৃহকর্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তাঁর কপাল ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। গতকাল সোমবার সন্ধ্যার দিকে এই নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত বীনা রানী রায় ওই গ্রামের দিলীপ কুমার রায়ের স্ত্রী।
ঘটনার বিবরণে জানা গেছে, প্রতিদিনের মতো গতকাল সোমবার সন্ধ্যায় পূজা-অর্চনা শেষে ঘরে বসে টেলিভিশন দেখছিলেন বীনা রানী। এ সময় কয়েকজন দুর্বৃত্ত ঘরে ঢুকে তাঁর মাথায় আঘাত করতে থাকে। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বীনা রানীকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে তাপস রায় বিভিন্ন সংবাদমাধ্যমে জানিয়েছেন , ‘প্রতিদিনের মতো সন্ধ্যায় পূজা-অর্চনা শেষে মা ঘরে টিভি দেখছিলেন। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ঘরে ঢুকে মায়ের মাথায় পিটাতে থাকে। মায়ের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই তারা পালিয়ে যায়। পরে মাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কারা এবং কী কারণে মাকে হত্যা করেছে, তা বলতে পারছি না।’
পুলিশের ভাষ্যমতে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। পুলিশের একাধিক টিম ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে।
আপনার মতামত কমেন্টস করুন