বিনোদন ডেস্ক : ভারতে বিজেপির কোলকাতা পুরসভা অভিযান ঘিরে উত্তাল মধ্য কোলকাতা। গ্রেফতার করা হল অভিনেত্রী তথা বিজেপি নেত্রী রিমঝিম মিত্রকে। তাঁর সঙ্গেই পুলিশের প্রিজন ভ্যানে তোলা হয়েছে বিজেপির মহিলা মোর্চার অন্যান্য সদস্যদেরও। বিজেপি নেত্রী রিমঝিমের সঙ্গেই এদিন বিজেপির কর্মসূচিতে ছিলেন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী কাঞ্চনা মৈত্র। খবর কোলকাতা ২৪*৭। বিজেপি নেত্রী রিমঝিম জানিয়েছেন, বিজেপির তরফে আগে থেকেই পুলিশের কাছ থেকে সবকিছুর জন্যে অনুমতি নেওয়া ছিল। কিন্তু এরপরেও পুলিশ জল কামান ছোঁড়ে এবং লাঠিচার্জ করে বলে দাবি তাঁর। একই সঙ্গে বিজেপির নেত্রীর আরও মারাত্মক অভিযোগ, তাঁদের গায়ে ছেলে পুলিশেরা হাত দেয়।
অন্যদিকে বিজেপির তরফে জানানো হয়েছে যে, বিনা প্ররোচনাতে পুলিশ লাঠিচার্জ করেছে। বেছে বেছে নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। অনুমতি থাকা সত্ত্বেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন বিজেপির। আজ বুধবার বিজেপির পুরসভা অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রের আকার নেয় কোলকাতা৷ চাঁদনিচকে মিছিল আটকে দেওয়া হলে,আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়৷ পুলিশকে লক্ষ্য করে জলের বোতল ছোড়ার অভিযোগ বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে৷ চাঁদনিচকে ভেঙে ফেলা হয় ব্যারিকেডের একাংশ৷ রাস্তার ওপর জ্বালানো হয় টায়ার৷ জল কামান দিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ৷ এরপরেই উত্তেজিত বিজেপি নেতা-কর্মীদের ‘ঠান্ডা’ করতে পুলিশ ব্যাপক লাঠি চার্জ করে বলে অভিযোগ৷ পিছু হটে বিজেপির নেতা-নেত্রী ও কর্মীরা৷ বেশ কয়েকজন আহত হয়েছে বলে অভিযোগ৷
আপনার মতামত কমেন্টস করুন