
নিজস্ব প্রতিনিধি,ওমান থেকে::
প্রবাসীদের পরিশ্রম ঘামে গড়া রেমিট্যান্স, তবুও আকাশছোঁয়া টিকেটের দাম। গত ২২ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৩ হাজার ৪৩৬ কোটি টাকা যা দেশের অর্থনীতির জন্য এক বিশাল অংশীদার শক্তি, যা পরিশ্রম আর ত্যাগে বিনিময়ে।
প্রবাসীর পাঠানো টাকায় চলছে দেশ এবং পরিবারের হাসি, শিশুর লেখাপড়া, বৃদ্ধ মা বাবার ওষুধ, দেশের রিজার্ভে নতুন প্রাণ। কিন্তু যে প্রবাসী দেশের অর্থনীতিকে ধরে রেখেছেন সেই প্রবাসীরা বিমানের টিকিট সংগ্রহ করতে গিয়ে চরম ভোগান্তিতে। দামের আগুন যেন তার ঘামে জ্বলে ওঠা স্বপ্নকেও ছাই করে দিচ্ছে।
যেখানে একসময় ওমান বা সৌদি আরবের টিকিট পাওয়া যেত ৫০ হাজার টাকায়, আজ সেই টিকিটই দ্বিগুণের বেশি দামে বিক্রি হয়। অসাধু সিন্ডিকেটের দল একই বিমান, একই রুট, কিন্তু দাম যেন আকাশ ছোঁয়া!
প্রবাসী বাদশা বাবর জানান, বিমানের এই অব্যবস্থাপনা, দালাল সিন্ডিকেট আর কৃত্রিম সংকটে কান্না আজ হাজারো প্রবাসীর বুকের ভেতর। দেশে রেমিট্যান্স পাঠিয়ে যে মানুষগুলো অর্থনীতির নায়ক তারা ফিরে আসতে পারছেন না নিজের ঘরে বা দেশের মাটিতে।
প্রবাসীর টাকায় চলছে দেশ, প্রবাসীর কষ্টে নেই কোন শেষ ? এই বৈষম্য,এই অবহেলা কখন বদলাবে আমাদের দেশে?