পরিবেশ অধিদপ্তরের পরিচালক পরিচয়ে ইটের ভাটায় চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনির শিকার : প্রতারণার দায়ে দৈনিক বরিশাল ক্রাইম’র সম্পাদক শাহআলম শ্রীঘরে

পিসি মজুমদার শিশির:
  • আপডেট সময় : Friday, December 27, 2019
  • 1062 বার দেখা হয়েছে

বরগুনার আমতলী উপজেলার বিভিন্ন ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের পরিচালক পরিচয়ে প্রতারণা করে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে শাহ আলম শাহ্ (৪০) নামে আন্ডারগ্রাউন্ড পত্রিকা দৈনিক বরিশাল ক্রাইম’র বিতর্কিত  সম্পাদক-প্রকাশক কুখ্যাত এক চাঁদাবাজকে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় আমতলী পৌরসভার নতুন বাজার বাঁধঘাট বটতলা এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে একটি মোটর সাইকেলযোগে আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের কাউনিয়া গ্রামে জেবিবি ব্রিকসে গিয়ে পরিবেশ অধিদপ্তরের পরিচালক পরিচয় দিয়ে ভাটায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকার অজুহাতে ভয়ভীতি দেখিয়ে ২৫০০ টাকা আদায় করেন।

সন্ধ্যায় তিনি পার্শ্ববর্তী চালিতাবুনিয়া ইব্রাহীমপুর গ্রামের এমএসবি ব্রিকসে গিয়ে একই পরিচয়ে ও অজুহাতে ২০ লক্ষ টাকা জরিমানার ভয় দেখিয়ে ভাটার ম্যানেজার মাসুদ হাসানের কাছে ২৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। কিন্তু মাসুদের কাছে মাত্র আড়াই হাজার টাকা আছে জানিয়ে তিনি তা পরিচালককে দিয়ে দেন। তাতে সন্তুষ্ট হতে পারেননি পরিচালক শাহআলম। তিনি মাসুদকে তার মালিকের সাথে যোগাযোগ করে অবশিষ্ট টাকা আনার জন্য চাপ দেন। মাসুদ ভাটার মালিকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে বিষয়টি জানালে তিনি ওই পরিচালককে নিয়ে সন্ধ্যার পরে আমতলী নতুন বাজার বটতলা এলাকায় তার সাথে দেখা করতে বলেন। যথাসময়ে মাসুদ  পরিচালক শাহআলমকে নিয়ে ভাটা মালিকের সাথে দেখা করতে যান। এর আগেই ভাটার মালিক মোঃ সাইদুর রহমান মন্টু পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের হিসাব রক্ষক সুকুমার দাসকে সাথে নিয়ে ওই স্থানে উপস্থিত ছিলেন।

এ সময় শাহ আলম শাহ্ সুকুমার দাসকে দেখে কিংকর্তব্যবিমূঢ় হয়ে দৌড়ে পালিয়ে যেতে চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে তাকে ধরে গনপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় ওই দিন রাতে এমএসবি ব্রিকসের ম্যানেজার মোঃ মাসুদ হাসান বাদী হয়ে এইচএম শাহআলম শাহর বিরুদ্ধে  আমতলী থানায় ভুয়া পরিচয়ে চাঁদাবাজির কারণে প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৫। শুক্রবার (২৭ ডিসেম্বর) শাহআলমকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে বরগুনা জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত শাহ আলম শাহ্ ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডস্থ পশ্চিম কয়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুর রহমান হাওলাদারের ছেলে। দৈনিক বরিশাল ক্রাইম পত্রিকার সম্পাদক ও মানবাধিকার সংস্থার জাতীয় পর্যায়ের কর্মকর্তা পরিচয় দিয়ে তিনি দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছিলেন।

এমএসবি ব্রিকস এর মালিক মোঃ সাইদুর রহমান মন্টু বলেন, আমার ইটভাটায় শাহ আলম নামে পরিবেশ অধিদপ্তরের ভুয়া পরিচালক পরিচয়ে চাঁদা দাবী করে প্রতারণা করার কারণে তাকে ধরে পুলিশে সোপর্দ করেছি।

জেবিবি ব্রিকস মালিক আবু বক্কর সিদ্দিক বলেন, ভুয়া পরিচয় দিয়ে আমার ইটভাটা থেকেও প্রতারণা করে ওই দিন ২৫ শ’ টাকা নিয়ে গেছেন প্রতারক শাহআলম।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, পরিবেশ অধিদপ্তরের ভুয়া পরিচালক পরিচয়ে প্রতারণা করার অভিযোগের মামলায় শাহ আলম শাহ্ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে তাকে  আদালতের মাধ্যমে বরগুনা জেলহাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, শাহআলম শাহ্’র নেতৃত্বে সুন্দরী নারীসহ ৫ জনের একটি চাঁদাবাজ গ্রুপ গত ১৩ অক্টোবর বরিশালের উজিরপুর মালিকান্দা মাহমুদিয়া আলিম মাদ্রাসায় মন্ত্রণালয়ের ভিজিটর টিম পরিচয়ে হানা দিলে ওই প্রতিষ্ঠানের সভাপতি ও স্থানীয় বড়াকোঠা ইউনিয়ন আওয়ামীলীগ সেক্রেটারি মোঃ মিজানুর রহমান কামালের চ্যালেঞ্জের মুখে অবস্থা বেগতিক টের পেয়ে হাত পা ধরে ক্ষমা চেয়ে মাদ্রাসা ত্যাগ করে চলে আসেন এবং নিরাপদ দূরত্বে গিয়ে মোবাইল ফোনে হুমকি দেন। এ ঘটনায় ওই দিন সন্ধায় মিজানুর রহমান কামাল উজিরপুর থানায় শাহআলমের বিরুদ্ধে একটি জিডি করেন। জিডি নং-৫৩২। এ ঘটনায় ১৫ অক্টোবর বরিশাল থেকে প্রকাশিত প্রথম সারির প্রায় সবকয়টি’ পত্রিকায় ফলাও করে সংবাদ প্রকাশিত হয়। এ ছাড়াও শাহআলমের বিভিন্ন কুকর্ম ও তার বিরুদ্ধে অভিযোগের ফিরিস্তি তুলে অনুসন্ধান টিভিনিউজ পোর্টালে গত ২৯ নভেম্বর একটি প্রতিবেদন প্রকাশিত হয় যা মিডিয়াঙ্গনে ব্যাপক তোলপাড় সৃষ্টি করে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন

https://www.facebook.com

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ সমূহ