নিজস্ব প্রতিনিধি,ভোলা, ১১ সেপ্টেম্বর রাত ১২:০৫ ::
ভোলার সদর উপজেলার পৃথক দুই ইউনিয়নে বাড়ির উঠানে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার বাপ্তা ও আলীনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পরিবারে নেমে এসেছে শোকের মাতম।
নিহত দুই শিশু হলো বাপ্তা ইউনিয়নের ভোটের ঘর এলাকার ব্যবসায়ী শফিকের আড়াই বছর বয়সী একমাত্র ছেলে আব্দুল্লাহ এবং আলীনগর ইউনিয়নের সাচিয়া গ্রামের আব্দুর রহমান (১)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে দুই শিশুই নিজ নিজ বাড়ির উঠানে খেলছিল। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুর ও ডোবায় খোঁজ করলে পানিতে শিশু দুটির সন্ধান পাওয়া যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে পুকুরের পানিতে শিশু দুটির মরদেহ ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। পরে স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় দুই শিশুর পরিবার ও স্বজনদের মধ্যে কান্নার আহাজারি শুরু হয়। একই সঙ্গে পৃথক দুই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত কমেন্টস করুন