ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নে পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) আবুল কালামের পাশে বসিয়ে ওয়ারেন্টভুক্ত আসামীর সাথে খোশগল্প করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অপরদিকে, এ নিয়ে বাদী পরিবারে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
বাদী হাসানুর রহমান বলেন, মৃগালী গ্রামের রুবেল মিয়া মারামারি মামলার একজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। গত ৫ মাস আগে বিজ্ঞ আদালত এই আসামীর বিরুদ্ধে ওয়ারেন্ট আদেশ জারি করলে ঈশ্বরগঞ্জ মডেল থানা পুলিশের মাধ্যমে ওই আদেশের কপিটি আঠারবাড়ী তদন্ত কেন্দ্রে পৌঁছায়। কিন্তু পুলিশ অনৈতিক সুবিধা হাতিয়ে নিয়ে ওয়ারেন্টের আদেশ গোপন রেখে আসামীর সাথে আতাঁত করে প্রকাশ্যে ঘুরাফিরা করছে।
বাদী দাবি করে বলেন, ওয়ারেন্টের বিষয়ে জানতে চাইলে তদন্ত কেন্দ্রের পুলিশ বলেন বিজ্ঞ আদালতের আদেশ এখনো পাইনি। এদিকে থানা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে আদেশ তদন্ত কেন্দ্রে পাঠানো হয়েছে। বিষয়টি এসআই আবুল কালামকে জানালে তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
তবে ঘটনার সত্যতা স্বীকার করে আঠারবাড়ী তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক আবুল কালাম বলেন, একটি মামলার তদন্তকালে রুবেল মিয়া আমার পাশে বসা ছিল এ কথা সত্য। কিন্তু আমি জানতাম না সে ওয়ারেন্টভুক্ত আসামী। শুনেছি বর্তমানে মামলাটি সিআইডি পুলিশ তদন্ত করছে। তিনি দাবি করেন, ওয়ারেন্ট আদেশ হাতে পেলে অবশ্যই আসামীকে আটক করা হবে।
আঠারবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ(আইসি) জালাল উদ্দিন বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দ্রুত আসামী আটক করা হবে।
আপনার মতামত কমেন্টস করুন