নিজস্ব প্রতিবেদক:: বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসায় হামলার ঘটনায় সংবাদ সম্মেলন করছেন সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
আজ শনিবার সন্ধ্যা সাতটার দিকে নগরীর কালিবাড়ি রোডস্থ সেরনিয়াবাত ভবনে এক সংবাদ সম্মেলনে মেয়র সাদিক আব্দুল্লাহ বলেছেন, এ ঘটনার সত্য অচিরেই উদঘাটিত হবে। ‘সত্য আপনি দাবায়ে রাখতে পারবেন না। সত্য উদঘাটিত হবে। আমি যদি অন্যায় করে থাকি তাহলে আমার এই চেয়ারে থাকার অধিকার নেই।’ তিনি আরো বলেন, “আগস্ট মাস, শোকের মাস। এ মাসে আমরা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ আমাদের স্বজনদের হারিয়েছি।
তাই দলীয় নেতাকর্মীদের কোন ধরণের বিক্ষোভ সমাবেশ কিংবা অশান্তির সৃষ্টি না করার আহবান জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। সংবাদ সম্মেলনে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা কাজে যোগ দিন। আপনারা কাজ না করলে নগরবাসী ক্ষতিগ্রস্ত হবেন, সমস্যা হবে নগরবাসীর”। এসময় তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের বাসায় বাসায় পুলিশী তল্লাশী এবং হয়রাণী না করার আহবান জানান।
সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “আমরা কার বিরুদ্ধে আন্দোলন করবো, আমাদের দল দেশের জনমানুষের দল। অন্যতম বৃহৎ এ দলটি এখন ক্ষমতায়। তাই বরিশাল আওয়ামীলীগের সকল নেতাকর্মীদের তিনি শান্ত থাকার অনুরোধ জানান। সংবাদ সম্মেলনের আগ পর্যন্ত মেয়রের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। উল্লেখ্য, উপজেলা পরিষদ চত্বরে বুধবার রাতে শোক দিবসের ব্যানার খোলাকে কেন্দ্র করে ইউএনও মুনিবুর রহমানের বাসভবনে হামলা হয়।
এ সময় সিটি করপোরেশনের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর আনসার সদস্যদের গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। সংঘর্ষ হয় পুলিশের সঙ্গেও। এতে মেয়র ও প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকনসহ ৩০ জন আহত হন, যদিও আওয়ামী লীগের দাবি, আহতের সংখ্যা ৭০।
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও ইউএনও মুনিবুর রহমানের করা দুই মামলায় প্রধান আসামি করা হয়েছে সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে। মামলার মোট আসামি ৬০২ জন, তাদের মধ্যে এখন পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আপনার মতামত কমেন্টস করুন