ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ জেলার সদর উপজেলার বোররচর ও পরাণগঞ্জ ইউনিয়নে কয়েক শত একর জমির টমেটো গাছে অজ্ঞাত রোগের বিস্তারের দরুন পচন ধরায় সেখানকার কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। কৃষকেরা পর্যাপ্ত পরিমানে সার ও কীটনাশক দিয়েও এ রোগের বিস্তার রোধে কোন ধরনের সমাধানও পাচ্ছে না। আর তাই এ ক্ষতি পুষিয়ে নিতে তাই একই জমিতে আবার কেউ কেউ মরিচ এবং কপির চারা রোপণ করছেন।
বোররচর এবং পরাণগঞ্জ ইউনিয়নে সরোজমিনে গিয়ে দেখা যায়, কৃষকের আগাম সবজি ক্ষেতের টমেটোর চারা অজ্ঞাত কোন এক রোগে মারা যাচ্ছে। ধুলায় মিশে যাচ্ছে ক্ষেতের পর ক্ষেত। বেশ কয়েকজন কৃষক ব্যাংক বা অন্য কোন জায়গা থেকে ঋণ নিয়ে সবজি চাষ করে এখন প্রায় পাগলের মত অবস্থা। আবার এই ক্ষতি পুষিয়ে উঠতে কোনো কোনো কৃষক একই জমিতে মরা ও পচন ধরা টমেটো গাছের চারা ফেলে দিয়ে মরিচ এবং কপির চারা রোপণ করেছেন।
এমন কয়েকজন কৃষকের সাথে কথা বলে জানা গেছে যে, তারা ২ লাখ টাকায় ৭৭ শতাংশ জমি বর্গা নিয়ে আগাম টমেটো চারা রোপণ করেছিলেন যার মধ্যে ৫৫ শতাংশ জমির টমেটো গাছ মরে গেছে। বাকি জমির গাছগুলো আগামী এক সপ্তাহের মধ্যে মরে শেষ হয়ে যাবে বলে হাউমাউ করে কেঁদে ওঠেন বেশ কয়েকজন কৃষক। চারাগুলোতে ছোট ছোট ফুল ও ফল হওয়া গাছগুলো বাঁচানোর জন্য অনেকের পরামর্শ নিয়েও শেষ রক্ষা হয়নি। অন্য ফসল করার জন্য সমিতি থেকে ঋণ তোলার চেষ্টা করছেন। ঋণ না পেলে জমি পতিত থাকবে বলেও জানান কয়েকজন কৃষক।
ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মতিউজ্জামান অনুসন্ধান টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ময়মনসিংহ জেলায় এ বছর ১৮ হাজার ৪শ হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ইতোমধ্যে ৭ হাজার ৯শ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে। বেশি বয়সের চারা রোপণ, টানা বৃষ্টি, একই জমিতে বারবার টমেটো চাষ ও অতিরিক্ত মাত্রায় ইউরিয়া সার প্রয়োগের কারণে টমেটো গাছ নষ্ট হয়ে যাচ্ছে।
সদর উপজেলার পরাণগঞ্জ ও বোররচর ইউনিয়নে বিচ্ছিন্নভাবে ৫হেক্টর জমির টমেটোর গাছ নষ্ট হয়েছে। আর ওই ক্ষেতে বিকল্প সবজি চাষের জন্য কৃষকদেরকে ইতোমধ্যাই পরামর্শ দেয়ার পাশাপাশি সহযোগিতার কথা জানালেন ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদফতরের এই কৃষি কর্মকর্তা।
আপনার মতামত কমেন্টস করুন