অনুসন্ধান ডেস্ক ::
চট্টগ্রামের ফটিকছড়িতে তিন কিশোরকে চোর সন্দেহে বেঁধে ‘মব’ করে মারধরের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছে মো. রিহান মহিন (১৫)। গুরুতর আহত অবস্থায় তার দুই বন্ধু মুহাম্মদ মানিক ও মুহাম্মদ রাহাত চিকিৎসাধীন রয়েছে।
শুক্রবার ভোরে কাঞ্চননগর ইউনিয়নের চেইঙ্গার সেতু এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে তিনটার দিকে বাড়ি ফেরার পথে সাত-আটজন যুবক তাদের ধাওয়া করে। পরে নির্মাণাধীন ভবন থেকে ধরে এনে তিনজনকে রশি দিয়ে বেঁধে বেধড়ক পেটানো হয়। ঘটনাস্থলেই প্রাণ হারায় রিহান।
পুলিশ জানিয়েছে, নিহত রিহান বাবার মুদি দোকানে কাজ করত। আগের দিন নগরে বেড়াতে গিয়েছিলো তারা। হামলার ঘটনায় দুই যুবককে হেফাজতে নেয়া হয়েছে। তবে পুলিশ ধারণা করছে, এটি কেবল চোর সন্দেহে গণপিটুনি নয়, বরং পূর্বের বিরোধ থেকেই পরিকল্পিতভাবে এ হামলা হয়েছে।
ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ বলেন, “এটিকে সরাসরি গণপিটুনি মনে হচ্ছে না। স্থানীয় বিরোধ বা শত্রুতার জেরে ঘটনা ঘটতে পারে। মূল হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
আপনার মতামত কমেন্টস করুন