নিজস্ব প্রতিবেদক ::
বরিশালের নগরীর দপদপিয়া ব্রীজ দক্ষিণ দিকে এ্যাংকর সিমেন্ট এর আগে সড়ক বিভাগের জায়গায় যুবদল নেতা শাহিন হাওলাদার এর বিরুদ্ধে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে দেখা যায়, শুক্রবার ও শনিবার সরকারি ছুটিকে কাজে লাগিয়ে বরিশাল সিটি করপোরেশনের ২৪-২৫ নং ওয়ার্ড এর মধ্য দিয়ে বয়ে যাওয়া দপদপিয়া খেয়াঘাট রাস্তার গ্যাস্টার বাইন সড়কের মুখে বনিক বাজারের প্রোপ্রাইটর শাহিন হাওলাদার ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক পরিচয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সড়ক ও জনপথ বিভাগের রাস্তা দখল করে দোকান ঘর উত্তোলন করছেন। তবে শাহীন হাওলাদারের দাবী নতুন স্থাপনা নির্মাণের স্থলে আগে তার একখানা ঘর ছিল যা ভেঙে যাওয়ায় নতুন করে দোকান ঘর নির্মাণ করছেন। তিনি আরো জানান, সড়ক ও জনপথ বিভাগের এ রাস্তাটি দপদপিয়া খেয়াঘাট এর দিকে চলে যাওয়ায় বেশী যানবাহন চলাচল করে না। তিনি একা নন, সড়কের পাশে পাশাপাশি অনেকেই দখল করে স্থাপনা নির্মাণ করেছেন। সরকার চাইলে তিনি তার স্থাপনা সরিয়ে নেয়ারও ইঙ্গিত দেন। তবে তাদের ব্যবসা প্রতিষ্ঠান অনেক পুরোনো বলে জানান তিনি। এ বিষয়ে জানতে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর বক্তব্য নেয়ার জন্য ফোন দেয়া হলে তিনি রোববার বিষয়টি দেখবেন বলে জানান।
আপনার মতামত কমেন্টস করুন