ভোলা প্রতিনিধি:
ভোলায় ক্রমান্বয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। যদিও করোনার ২য় ঢেউ মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে ভোলা জেলা স্বাস্থ্যবিভাগ। এর মধ্যে জেলা সদরসহ ৭টি হাসপাতালে করোনা ইউনিটসহ ১৩০টি বেড প্রস্তুত রাখা হয়েছে। মাঠ পর্যায়েও কর্মকর্তাদের সতর্ক রাখা হয়েছে। এছাড়া জনগণকে সচেতন করতে কাজ করছে জেলা স্বাস্থ্যবিভাগ। বিশেষ করে সামাজিক দূরত্ব নিশ্চিত ও মাস্ক পরিধান করতে বলা হচ্ছে। বেশি বেশি নমুনা সংগ্রহ কার্যক্রমও চলমান রয়েছে।
প্রস্তুত রাখা হয়েছে পর্যাপ্ত অক্সিজেন ও ওষুধ সামগ্রী। করোনা রোগীদের চিকিৎসার জন্য জেলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ১০ জন ডাক্তার ও ১২ জন নার্স প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও জেলার ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক-নার্সদের দায়িত্ব পালনে নির্দেশ দেওয়া হয়েছে। ভোলার সিভিল সার্জন ডা. সৈয়দ রেজাউল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, করোনা ২য় ওয়েব মোকাবিলায় প্রস্তুত রয়েছে জেলার স্বাস্থ্যবিভাগ। তবে অন্য জেলার তুলনায় ভোলায় করোনা সংক্রমণ ও মৃত্যুর হার কিছুটা কম।
তারপরেও আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকেও জনসাধারণকে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে নিয়মিত অভিযান চলছে। ওইসব অভিযানেও জেলা প্রশাসনকে সহযোগিতা করছে স্বাস্থ্যবিভাগ। এদিকে জেলায় গত ৯ মাসে ৯২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮৪৬ জন। বর্তমানে করোনা আক্রান্ত আছেন ৭৩ জন এবং মারা গেছে ৯ জন।
আইসোলেশনে আছেন ৩ জন। জেলার সাত উপজেলায় এ পর্যন্ত ৮ হাজর ১৮২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছিলো ৯ হাজার ৪৯৩ জনকে। অপরদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় ২৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২ জন। এছাড়া সুস্থ হয়েছেন পাঁচ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৬৫ জন ব্যাক্তি।
আপনার মতামত কমেন্টস করুন