মোঃ ইকরামুল ইসলাম: যশোরের শার্শা উপজেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৪।
রবিবার (২১ জুন) শার্শা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা: ইউসুফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্তরা হলেন, বেনাপোল পৌরসভার বড় আঁচড়া এলাকার জীবন কুমার ও দূর্গাপুর গ্রামের ফারুক আহমেদ এবং শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী স্বাস্থ্য সহকরী ও সুমন নামে একজন স্বাস্থ্যকর্মী।
তিনি আরো বলেন, উপজেলায় এই নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৪ জন। এর মধ্যে ১৭ জন সুস্থ হয়েছেন। বাকিরা বাড়িতে ও হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছে।
এদিকে, বেনাপোলে করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হাবিবুর রহমানের ভাই ফারুক আহমেদ’র করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি তার বড় ভাই সাংবাদিক বকুল মাহবুব নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১৪ জুন রবিবার বেনাপোলে সাংবাদিক বকুল মাহবুবের সেজো ভাই হাবিবুর রহমান করোনা উপসর্গ নিয়ে মারা যান। দুই দুইবার তার করোনা ভাইরাস টেস্ট করালে প্রতিবারই তার ফলাফল নেগেটিভ আসে।
ডা: ইউসুফ আলী জানান, নতুন করে নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়। এতে তাদের ৪ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তাদের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।
প্রসংগত উল্লেখ্য, শার্শায় স্বাস্থ্য বিভাগের জারিকৃত ‘রেড জোন’ এলাকায় নিয়ম মেনে না চলার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গত বুধবার ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ওইদিন বিকেলে উপজেলার নাভারণ বাজারের তিনজন হোটেল ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী।
এসময় কোভিড-১৯ বিস্তার রোধকল্পে সীমিত পরিসরে স্বাস্থ্য বিধি নিশ্চিতকল্পে ‘রেড জোন’ এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযান কালে অনেকেই স্বাস্থ্য বিভাগের জারিকৃত নিয়ম মেনে না চলার অভিযোগে নাভারণ সাতক্ষীরা মোড়ের মুসলিম হোটেলের মালিক আমান আলীকে ১ হাজার, নাভারণ রেল বাজারের আব্দুস শহীদকে ১ হাজার ও রেজাউল ইসলামকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময়ে, নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী বলেন, অভিযানকালে দেখা যায় অনেকেই স্বাস্থ্য বিধি নিয়ম মানছেন না এবং বিভিন্ন অনিয়মে যুক্ত হচ্ছেন। যে কারণে তাদেরকে জরিমানা করা হচ্ছে। সকল অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছিলেন।
আপনার মতামত কমেন্টস করুন