
নিজস্ব প্রতিনিধি,ভোলা::
ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী গণসংযোগে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আনু মাঝি ও তার ছেলে মোসলেম উদ্দিনের বিরুদ্ধে। অভিযুক্তরা চরপাতা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে। আনু মাঝি ওই ওয়ার্ডের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গণসংযোগ চলাকালে জামায়াতের মহিলা কর্মীদের লক্ষ্য করে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় হিজাব, বোরখা ও পোশাক খুলে মারধরের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে এলাকাবাসী নৌবাহিনীর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন।
পরিস্থিতির খবর পেয়ে নৌবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সংশ্লিষ্ট বাসাটি ঘেরাও করে। নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে আত্মগোপনে চলে যান।
এ সময় নৌবাহিনীর এক সদস্য উপস্থিত এলাকাবাসীর উদ্দেশে বলেন, কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী অন্যের রাজনৈতিক কর্মকা-ে বাধা দিতে পারবে না।
ঘটনার পর কিছু সময় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করলেও নৌবাহিনীর হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।
আপনার মতামত কমেন্টস করুন