উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:: কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি সীমান্ত থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে শাকিল হোসেন (২০) নামে এক বাংলাদেশী যুবককে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী ‘বিএসএফ’। ভারতীয় সীমান্তের ১২৯ দীঘলটারি ক্যাম্পের বিএসএফ সদস্য কর্তৃক ওই যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
শাকিল হোসেন ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাশঁজানি গ্রামের আহম্মেদ আলীর ছেলে । রোববার ৯ জানুয়ারি ভোর সাড়ে ৫ টার দিকে পাথরডুবি ইউনিয়নের ময়দান সীমান্তে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোরে ময়দান সীমান্তে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৬ এর ৬ এস থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ধলবাড়ি নামক স্থানে প্রবেশ করে একদল গরু পাচারকারী। এ সময় ভারতের দিনহাটার ১২৯ দিঘলটারী বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা গরু চোরাকারবারীদের উপস্থিতি টের পেয়ে তাড়া করে। বিএফএফের তাড়া খেয়ে অন্যরা পালিয়ে গেলেও শাকিলকে আটক করে দিঘলটারী ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ।
তবে ঠিক কোন সীমানা পিলারের কাছ থেকে শাকিলকে ধরে নিয়ে যাওয়া হয়েছে নিশ্চিত করতে পারেননি বিজিবি।
কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল মুত্তাকিম বলেন, বিষয়টি আমরাও শুনতে পেয়েছি। স্থানীয় তথ্যের ভিত্তিতে আমরা বিএসএফকে বার্তা পাঠিয়েছি তবে রোববার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিএসএফের নিকট থেকে কোন বার্তা পাননি বলে জানান, এছাড়া আটক ব্যক্তির পরিবার থেকেও কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে এ ব্যাপারে খোঁজ খবর রাখা হচ্ছে বলেও জানান বি জি বি কমান্ডার।
আপনার মতামত কমেন্টস করুন